কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট:
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কোর্ট ও প্যান্টের থান কাপড় এবং একটি অটো জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ১৪ হাজার টাকা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ও রাতে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলমান ‘ইনফরমেশন বেইজড অপারেশন’-এর অংশ হিসেবে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে পৃথক দুটি অভিযান চালানো হয়। এর মধ্যে সন্ধ্যা ৫টায় রামখানা বিওপির আওতাধীন নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ভারতীয় শাড়ি, কোর্টের ৭২০ মিটার থান কাপড়, প্যান্টের ৩৬ মিটার থান কাপড় এবং একটি অটো জব্দ করা হয়।
একই দিন রাত ১০টা ১০ মিনিটে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির আওতাধীন অনন্তপুর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২৪ পিস ভারতীয় জর্জেট শাড়ি জব্দ করে বিজিবি টহলদল।
দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ১৪ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। দেশীয় কাপড় ও পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে চোরাকারবারীরা শীতের আগমনকে কাজে লাগিয়ে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচারের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও সজাগ রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।