লালমনিরহাটে শেষ হলো প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা, মহাকাশ জয়ের স্বপ্ন ২৯৬ তরুণদের চোখে
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
ছবি-সংগৃহীত
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক :
লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা। ড্রোন, রোবট, উড়োজাহাজ ও মহাকাশ প্রযুক্তি নিয়ে নিজেদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় ৭৪টি দলের ২৯৬ জন শিক্ষার্থী অংশ নেন।
শুক্রবার (২০ নভেম্বর) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ (এএইউবি)-এর লালমনিরহাট ক্যাম্পাসে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এর আগে বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চারটি বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিভাগগুলো ছিল রোটরক্রাফট, ফিক্সড উইং, সকার বট ও স্পেস রোবোটিকস। প্রতিটি বিভাগে শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রযুক্তি, যন্ত্রের নকশা, কার্যকারিতা এবং উদ্ভাবনী সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরেন। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়লে ব্যক্তি ও জাতি উভয়ই পিছিয়ে পড়বে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিদক্ষ ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে হবে। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশাবাদও ব্যক্ত করেন তিনি।
প্রতিযোগিতার প্রথম দিনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এএইউবির ফ্যাকাল্টি অব অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে জেনারেল অ্যাভিয়েশন বিভাগ চালুর অনুমোদনের কথা জানান। পাশাপাশি ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এ বিভাগের অধীনে বিএসসি ইন অ্যারোনটিক্স প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি ত্বরান্বিত করা এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এম মোস্তাফিজুর রহমান বলেন, এএইউবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করেছেন। আন্তর্জাতিক লাইট এয়ারক্রাফট ডিজাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি মার্স রোভার প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজকদের মতে, অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার মূল উদ্দেশ্য কেবল বিজয়ী নির্বাচন নয়; বরং তরুণ উদ্ভাবকদের প্রতিভা বিকাশ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তাদের সৃজনশীল ধারণাকে বাস্তব প্রযুক্তিতে রূপ দেওয়ার সুযোগ তৈরি করা। বিমান, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ গবেষণায় বাংলাদেশের নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী উদ্যোগ লালমনিরহাটকে দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস শিক্ষার সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে নতুন করে পরিচিত করার সুযোগ তৈরি করেছে।