ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমির মালিকানা নিয়ে দুই সহোদর ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আদালতের রায়ে জমির মালিকানা নিজের পক্ষে পাওয়ার দাবি করেছেন বড় ভাই কৃষক শাহজালাল (৫০)। তবে এরপরও ছোট ভাই শাহার আলী (৪৫) ওই জমির মালিকানা দাবি করছেন বলে অভিযোগ করেছেন তিনি। এতে জমিতে রোপণ করা ফসলসহ জমি দখল এবং নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক শাহজালাল। ঘটনাটি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার।
কৃষক শাহজালাল মৃত কবির মামুদের ছেলে। তিনি প্রায় ১০০ শতক জমিতে কলার বাগান করেছেন। সেই কলাবাগানের মধ্যেই অতিরিক্ত ফসল হিসেবে সরিষা চাষ করেছেন। তবে জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে এখন নিজের ফসল ও জমির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
শাহজালালের অভিযোগ, তাদের মোট ১১৯ শতক জমির মধ্যে রেকর্ড অনুযায়ী ১৯ শতকের মালিক তার ছোট ভাই শাহার আলী। কিন্তু ওই ১৯ শতক জমির বাইরে আরও ১০০ শতক জমির মালিকানা দাবি করে আসছেন তিনি। অথচ দীর্ঘদিন ধরে ওই ১০০ শতক জমি শাহজালাল ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।
তিনি জানান, রেকর্ডে ভুলবশত ছোট ভাইয়ের নাম অন্তর্ভুক্ত হওয়ায় রেকর্ড সংশোধনের জন্য ২০২৫ সালের ২৭ মে আদালতে মামলা করেন। দীর্ঘদিন শুনানি ও বিচারিক কার্যক্রম শেষে ২০২৬ সালের ৬ অক্টোবর আদালত তার পক্ষে রায় দেন বলে দাবি করেন তিনি। কিন্তু আদালতের রায়ের পরও ছোট ভাই জমির মালিকানা দাবি করে আসছেন।
শাহজালালের আরও অভিযোগ, সম্প্রতি জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে তার ছোট ভাই বাড়িতে এসে তাকে মারধর করেন এবং বসতবাড়িতে হামলা চালান। এ ঘটনায় তিনি ফুলবাড়ী থানায় একটি অভিযোগও দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
শাহজালাল বলেন, ‘আদালতের মাধ্যমে জমির মালিকানা নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়েছে। আইনগতভাবে এই জমির মালিকানা আমার। রেকর্ডের ভুল সংশোধনের জন্য আদালতে মামলা করেছিলাম। আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। এরপরও আমার ছোট ভাই জমির মালিকানা দাবি করছেন। যেকোনো সময় আমার ওপর হামলা কিংবা জমিতে রোপণ করা ফসলসহ জমি দখলের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছি।’
স্থানীয় বাসিন্দা রমজান আলী (৬৫) ও আজিজার রহমান (৭৫) জানান, প্রায় ২০ বছর ধরে শাহজালাল ওই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে ভোগদখল করে আসছেন। জমির রেকর্ডে কিছুটা ত্রুটি থাকায় তিনি আদালতের শরণাপন্ন হন। দীর্ঘদিন মামলা চলার পর আদালত তার পক্ষে রায় দিয়েছেন। এরপরও জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় তারা বিস্ময় প্রকাশ করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. সাত্তার আলী ও মগরক আলীও একই ধরনের বক্তব্য দেন।
অন্যদিকে, প্রতিপক্ষ শাহার আলীর বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা আছে। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। যে জমির মালিকানা শাহার আলী দাবি করছেন, প্রকৃতপক্ষে ওই জমির মালিক শাহজালাল। রেকর্ড অনুযায়ী ছোট ভাইয়ের নাম থাকায় বড় ভাই রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছিলেন। পরে আদালত তার পক্ষে রায় দিয়েছেন। আদালতের রায়ের পরও কেউ যদি জেনে-শুনে বিরোধ সৃষ্টি করেন, তাহলে আমাদের করার কিছু থাকে না।
এদিকে আদালতের রায়ের পরও জমির মালিকানা নিয়ে বিরোধ অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জমিতে কলা ও সরিষাসহ বিভিন্ন ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করা কৃষক শাহজালাল এখন নিজের জমি ও ফসলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ বিরোধের স্থায়ী সমাধান এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।