পঞ্চগড় সীমান্তে বিজিবির ১০ মাসে ২২১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ৬১৫
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক :
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন। চলতি বছরের প্রথম ১০ মাসে রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। এসব ঘটনায় চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিশাল সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এরই অংশ হিসেবে গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল এবং ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।
এ ছাড়া জব্দ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায়ও দায়িত্ব পালন করছে রংপুর রিজিয়নের বিজিবি সদস্যরা। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে ছয় প্লাটুন সদস্য মোতায়েন করে। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে মোতায়েন করা হয় আরও পাঁচ প্লাটুন বিজিবি। এসব কার্যক্রমে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সীমান্ত দিয়ে অবৈধ পুশইন ঠেকাতেও বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক ও চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধের পাশাপাশি জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সীমান্ত অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতাও কামনা করেছে বিজিবি।
‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’—এই প্রত্যয় সামনে রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রংপুর রিজিয়ন বিজিবি।