advertisement
advertisement

পেঁয়াজ উৎপাদনে চাহিদার চেয়ে ৪১ শতাংশ বেশি উৎপাদন, আমদানির প্রয়োজন নেই: ডিএই


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
পেঁয়াজ উৎপাদনে চাহিদার চেয়ে ৪১ শতাংশ বেশি উৎপাদন, আমদানির প্রয়োজন নেই: ডিএই

ছবি সংগৃহীত

advertisement


ধরলা পোস্ট ডেস্ক:

দেশে পেঁয়াজের উৎপাদন চাহিদার তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বছরে প্রায় ৩৬ লাখ টন পেঁয়াজের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি। ফলে চাহিদার তুলনায় উৎপাদন বেড়েছে প্রায় ৪১ দশমিক ৩৯ শতাংশ। এ অবস্থায় পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণের কারণে গত ১১ মাস ধরে দেশে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে। এতে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৪ হাজার ৭৬৪ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে।

ডিএই জানিয়েছে, পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের সহায়তা দিতে ইতোমধ্যে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু চলাচল নিশ্চিত করে দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণ করা যাচ্ছে।

ডিএইর মহাপরিচালক এম আব্দুর রহিম জানান, দেশে বর্তমানে ৪ থেকে ৫ লাখ টন পেঁয়াজ সংরক্ষণের আধুনিক সক্ষমতা তৈরি হয়েছে। ফলে মৌসুমের বাইরে সরবরাহ সংকট মোকাবিলা করা সম্ভব হচ্ছে। সারা বছর পেঁয়াজের ঘাটতি হওয়ার আশঙ্কাও কমেছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদনের বিপরীতে আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে ৩৯ লাখ টন উৎপাদনের পাশাপাশি প্রায় ৬ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়েছিল।

আধুনিক সংরক্ষণ প্রযুক্তির সুফল পাচ্ছেন কৃষকরাও। ফরিদপুরের মধুখালী উপজেলার কৃষক নাসির মিয়া জানান, এয়ার-ফ্লো মেশিন ব্যবহার করে তিনি ছয় মাসে ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন। প্রচলিত পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমলেও নতুন প্রযুক্তিতে তা কমে ২ থেকে আড়াই কেজিতে নেমে এসেছে।

রাজশাহীর গোদাগাড়ীর কৃষক মোহাম্মদ আমিন জানান, এপ্রিল মাসে পেঁয়াজ সংগ্রহের পর প্রতি মণ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়। তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দাম বেড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত পৌঁছায়। আধুনিক সংরক্ষণ ব্যবস্থা কৃষকদের এই বাড়তি দামের সুবিধা নিতে সহায়তা করছে।

ডিএইর তথ্যমতে, চলতি বছর ৩ লাখ হেক্টরের বেশি জমিতে পেঁয়াজ চাষ করে প্রায় ৫০ লাখ ৯০ হাজার টন উৎপাদন হয়েছে। গত বছরের তুলনায় উৎপাদন বেড়েছে ৭ থেকে ১০ লাখ টন। ফসল সংগ্রহের আগে মার্চের শেষ দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় প্রতি বিঘায় উৎপাদন ৭০ মণ থেকে বেড়ে প্রায় ১০০ মণ পর্যন্ত হয়েছে।

পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের আওতায় কৃষকদের প্রত্যেককে ২৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে এয়ার-ফ্লো মেশিন কেনার জন্য ১৯ হাজার, সংরক্ষণের মাচা তৈরিতে ৭ হাজার এবং সাইনবোর্ড স্থাপনে ১ হাজার টাকা বরাদ্দ ছিল। এ প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ইতোমধ্যে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে।

এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ রেখেছে। তবে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়ে ৮৬ হাজার ৩৬৮ টন পেঁয়াজ আমদানির তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা আরও বাড়াতে সরকার গ্রীষ্মকালীন ও মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাধ্যমে নতুন জাতের চাষ, উন্নত প্রযুক্তি ব্যবহার এবং কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর