পলাতক আসামিরা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে গ্রেপ্তার: বিজিবি
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
বিতর্কিত, পলাতক কিংবা ফেরারি কোনো আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দীন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এ সময় সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিজিবির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন তিনি।
কর্নেল নাসির উদ্দীন বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যাতে বাংলাদেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনে প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারির বিষয়ে তিনি বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নতুন করে ৬৫টি সিসিটিভি ক্যামেরা এবং ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি ব্যবহার করা হচ্ছে। প্রতিটি বিওপিতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালিত হচ্ছে।
হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার জানান, এ বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তবে গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে সেগুলো যাচাই করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা নজরে আসেনি।
তিনি আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ করেছে বিজিবি। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানবপাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে তিনি বলেন, একই সময়ে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে কর্নেল নাসির উদ্দীন বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।