advertisement
advertisement

কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক : 
সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমির উদ্দিন (৩৫) নামের এক চানাচুর বিক্রেতা। 
তার সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালংকারের মালিক তাকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন। 
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে চানাচুর বিক্রির সময় ভ্যানের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আমির উদ্দিন। 
ব্যাগটি কুড়িয়ে নিয়ে ভেতরে অন্য জিনিসপত্রের সঙ্গে প্রায় তিন ভরি স্বর্ণালংকার পান তিনি।
পরে স্বর্ণালংকারের মালিকের সন্ধান পেয়ে রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে ব্যাগটি প্রকৃত মালিক সজল তালুকদারের হাতে তুলে দেন তিনি।
সজল তালুকদার জানান, রোববার বিকেলে তার স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। এ সময় সঙ্গে ছিলেন সজল ও তাদের দুই শিশুসন্তান। কাজ শেষে তারা রিকশায় করে আলফাত স্কয়ার হয়ে বাসায় ফেরেন। বাসার সামনে নেমে তারা বুঝতে পারেন, স্ত্রীর হাতের ব্যাগটি হারিয়ে গেছে।
এরপর সজল দুই বন্ধুকে নিয়ে থানায় বিষয়টি জানান এবং ব্যাগটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তারা হতাশ হয়ে বাসায় ফিরে যান। এদিকে সজলের বন্ধুদের বহনকারী রিকশার চালক আবু সাইদ তাদের কথোপকথন শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে সেটির মালিককে খুঁজছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন সজলের বন্ধুরা।
আমির উদ্দিন জানান, ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ পাশেই ছিলেন। স্বর্ণালংকার দেখে তিনি ভয় পেয়ে যান। পরে নিরাপত্তার কথা ভেবে ছেলেকে দিয়ে সেগুলো বাড়িতে পাঠিয়ে রাখেন। কারণ, তার চানাচুরের দোকানেও আগে তিনবার চুরি হয়েছে।
শহরের পশ্চিমবাজার এলাকার একটি ভাঙাচোরা ভাড়া ঘরে পরিবার নিয়ে বসবাস করেন আমির উদ্দিন। নিজের কোনো ঘরবাড়ি নেই তার। অভাব-অনটনের মধ্যেও অন্যের সম্পদের প্রতি লোভ না করার কথা জানিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।
আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ সজল তালুকদারের সঙ্গে লোক পাঠিয়ে ব্যাগটির খোঁজ করে। পরে আমির উদ্দিন স্বর্ণালংকারসহ ব্যাগটি নিয়ে থানায় আসেন। তার সততার কারণেই ব্যাগটি ফেরত পাওয়া সম্ভব হয়েছে।
এদিকে সজল তালুকদার আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা তিনজন মিলে প্রায় চার ঘণ্টা ব্যাগটি খুঁজেছেন। আমির উদ্দিন প্রথমে টাকা নিতে চাননি। পরে কৃতজ্ঞতাস্বরূপ জোর করে তাকে পাঁচ হাজার টাকা উপহার দেন তিনি। সুত্র-ইত্তেফাক
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর