৩১ বছর পর ভোটের মাঠে আফজাল, প্রচারণার একমাত্র বাহন ঝালমুড়ির ভ্যান
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
ছবি-সংগৃহীত
অনিল চন্দ্র রায় :
জীবিকার তাগিদে দীর্ঘ ৩৫ বছর ধরে ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করছেন আহম্মদ হোসাইন শেখ আফজাল। সেই ভ্যানই এখন তার জীবিকার পাশাপাশি নির্বাচনি প্রচারণার বাহন। ১৯৯৫ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ছয় ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি। এরপর কেটে গেছে ৩১ বছর। দীর্ঘ বিরতি শেষে আবারও জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে ভোটের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ৬১ বছর বয়সী এই ঝালমুড়ি বিক্রেতা।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা আফজাল। তিনি মরহুম আমির উদ্দিনের ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। আর তার এই ইচ্ছাকে উৎসাহ দিচ্ছেন এলাকার মানুষ।
তবে অন্য প্রার্থীদের মতো পোস্টার, ব্যানার কিংবা প্রচার মাইক নিয়ে মাঠে নামার সামর্থ্য নেই তার। তাই নিজের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ঝালমুড়ি বিক্রির ভ্যানটিকেই প্রচারণার বাহন করেছেন। ভ্যানের সামনে লাগিয়েছেন নির্বাচনি ব্যানার। প্রতিদিন বিভিন্ন এলাকায় ঝালমুড়ি বিক্রির পাশাপাশি মানুষের কাছে তুলে ধরছেন নিজের প্রার্থিতার কথা।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ বছর ধরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করছেন আফজাল। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার সংসার। প্রতিদিন আয় হয় প্রায় ৫০০ টাকা। এই সামান্য আয় দিয়েই চলে পরিবারের ভরণপোষণ। তার তিন ছেলে শেখ মেহেদী হাসান রাজু (২৮), শেখ রাসেল (২৫) ও শেখ রাশেদ (২৩) বাবার মতো একই পেশায় যুক্ত। তারাও পৃথক ভ্যানে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের বিষয়ে আফজাল বলেন, ‘ওয়ার্ডের মানুষ আমাকে চায়। তাদের ভালোবাসা ও উৎসাহ পেয়েই আবার নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
নিজের নির্বাচনি স্লোগান হিসেবে তিনি বেছে নিয়েছেন, ‘কথা নয়, কাজে হবে পরিচয়, জনগণ থাকলে পাশে, নিশ্চিত হবে জয়।’ নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি ওয়ার্ডকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অতীতের নির্বাচনের স্মৃতিচারণ করে আফজাল বলেন, ‘১৯৯৫ সালে বই প্রতীক নিয়ে একই ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে মাত্র ছয় ভোটের ব্যবধানে হেরে যাই। এরপর আর নির্বাচনে অংশ নেওয়া হয়নি। দীর্ঘদিন পর এবার আবারও মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচনে আসতে চাই।’
স্থানীয় বাসিন্দা আজাদ হোসেন ও লিমন ইসলামসহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে ঝালমুড়ি বিক্রি করায় আফজাল এলাকার পরিচিত মুখ। এবার জীবিকার ভ্যানেই নির্বাচনি ব্যানার লাগিয়ে প্রচারণা চালানোয় তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সাধারণ জীবনযাপন করলেও জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন তার দীর্ঘদিনের।
উল্লেখ্য, ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে রাজারহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।