advertisement
advertisement

লালমিনহাট হাতীবান্ধা সীমান্তে আবারও চিতাবাঘের আতঙ্ক, বাঁশঝাড় ঘিরে স্থানীয়দের তল্লাশি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
লালমিনহাট হাতীবান্ধা সীমান্তে আবারও চিতাবাঘের আতঙ্ক, বাঁশঝাড় ঘিরে স্থানীয়দের তল্লাশি

advertisement


ধরলা পোস্ট ডেস্ক:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকায় আবারও চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘের উপস্থিতির খবর পেয়ে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে একটি বাঁশঝাড় ঘিরে তল্লাশি চালালেও প্রাণীটির কোনো সন্ধান পাননি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর কাছাকাছি এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, গত কয়েকদিন ধরে এলাকার একটি বাঁশঝাড় থেকে বাঘ বের হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

আরেক বাসিন্দা জসিম উদ্দিন জানান, সীমান্তঘেঁষা একটি বাঁশবাগানে বাঘটি অবস্থান করছে বলে তারা শুনেছেন। রোববার আবারও বাঘ বের হওয়ার খবর পেয়ে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে সেটিকে ধাওয়া করেন। তবে পরে প্রাণীটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোব্বেরুল হক মনা জানান, বাঘ বের হওয়ার চিৎকার শুনে স্থানীয়রা আমঝোল সীমান্তের একটি বাঁশঝাড় ঘিরে তল্লাশি চালান। কিন্তু সেখানে বাঘের উপস্থিতি নিশ্চিত হতে না পেরে তারা বাড়ি ফিরে যান।

স্থানীয়দের দাবি, প্রায় এক মাস ধরে এলাকায় বাঘের আতঙ্ক বিরাজ করছে। প্রাণীটির সন্ধান না পাওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ কাটছে না। এমনকি শিয়াল দেখলেও অনেকে সেটিকে বাঘ ভেবে আতঙ্কিত হচ্ছেন।

এর আগে গত ২৫ অক্টোবর সীমান্তের পাশে বাঁধা ছাগল আনতে গিয়ে চিতাবাঘের আক্রমণের শিকার হন শরীফা বেগম। ছাগলটিকে রক্ষা করতে গেলে বাঘটি তার ওপর হামলা চালায়। এ সময় নজরুল ইসলাম ও আফছার আলী এগিয়ে এলে তারাও আক্রান্ত হন। পরে তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেন।

ওই ঘটনার পর ২৬ অক্টোবর বন বিভাগের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘটির সন্ধানে অভিযান শুরু করে। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুসন্ধান চালিয়েও বাঘটির অবস্থান শনাক্ত করতে না পেরে দলটি অভিযান শেষ করে ঢাকায় ফিরে যায়।

এদিকে, দীর্ঘদিন ধরে বাঘের সন্ধান না মেলায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক অব্যাহত রয়েছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর