জাতীয় পর্যায়ে কুস্তি ও কারাতেতে কুড়িগ্রামের খেলোয়াড়দের সাফল্য, সংবর্ধনা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম:
জাতীয় পর্যায়ে কুস্তি ও কারাতে প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে কুড়িগ্রামের মুখ উজ্জ্বল করেছেন জেলার একঝাঁক তরুণ খেলোয়াড়। তাদের এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে পদকজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ের কুস্তি প্রতিযোগিতায় কুড়িগ্রামের রাদিয়া আক্তার স্বর্ণপদক, রিয়া ও হাসানুর রৌপ্যপদক এবং রোজাইয়া আক্তার ব্রোঞ্জপদক অর্জন করেছেন। দলগত ফলাফলে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় রাহি ও বর্ষণ স্বর্ণপদক এবং মুয়াদ ব্রোঞ্জপদক জিতে জেলার জন্য সম্মান বয়ে আনেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কুড়িগ্রামের খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে যে সাফল্য অর্জন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের এই পদক শুধু ব্যক্তিগত অর্জন নয়, পুরো জেলার জন্য গর্ব ও সম্মানের বিষয়।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মাদক ও বিভিন্ন সামাজিক অসংগতি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জনের জন্য নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের আহ্বান জানান।
পরে জাতীয় পর্যায়ে পদকজয়ী কৃতী খেলোয়াড়দের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। জেলার ক্রীড়াঙ্গনে তাঁদের এই সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।