ফুলবাড়ীর তবলা বাদক নিমাইয়ের নতুন অধ্যায়, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষক হিসেবে যোগদান
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
অনিল চন্দ্র রায়, ধরলা পোস্ট :
কুড়িগ্রামের ফুলবাড়ীর কৃতিসন্তান ও তবলা বাদক নিমাই চন্দ্রের জীবনে শুরু হলো নতুন এক অধ্যায়। তিনি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ‘তবলা’ প্রশিক্ষক পদে যোগদান করেছেন। তার এ অর্জনে আনন্দিত স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা।
নিমাই চন্দ্রের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের শাহবাজার-সংলগ্ন চন্দ্রখানা গ্রামে। দীর্ঘদিনের সংগীতচর্চা, সাধনা ও নিষ্ঠার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়াকে তার জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
নতুন দায়িত্বে যোগদানের বিষয়টি জানিয়ে ২৩ নভেম্বর রাতে নিজের ফেসবুক পোস্টে নিমাই চন্দ্র লেখেন, ‘আজ থেকে শুরু হলো জীবনের নতুন এক অধ্যায়।’ এ অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান হিসেবে তিনি মা-বাবা ও শ্রদ্ধেয় গুরুদের কথা উল্লেখ করেন। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি জীবনের পথচলায় যারা অনুপ্রেরণা, সহযোগিতা, ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ দিয়ে পাশে থেকেছেন, তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
এ ছাড়া রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান রবিন খান এবং অধ্যাপক ড. মো. আরিফুর রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নিমাই চন্দ্র। তার প্রতি আস্থা রেখে নতুন দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ফেসবুক পোস্টে নিমাই চন্দ্র আরও বলেন, সবার আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে নতুন এই দায়িত্ব যেন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারেন, সে জন্য তিনি সবার কাছে আশীর্বাদ কামনা করছেন।
ফুলবাড়ীর প্রত্যন্ত জনপদ চন্দ্রখানা গ্রামের সন্তান নিমাই চন্দ্রের এ অর্জন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের জন্যও আনন্দের খবর। তার এই নতুন পথচলা সংগীতচর্চা ও তবলা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সহকারী অধ্যাপক সুনীল চন্দ্র রায় এবং সাংস্কৃতিক কর্মী ও শিক্ষক হাবিবুর রহমান হাবিব বলেন, নিমাই চন্দ্রের এ সাফল্যে তারা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তিনি ফুলবাড়ী উপজেলার একজন পরিচিত ও দক্ষ তবলা বাদক। তার তবলা বাজানোর মধ্যে রয়েছে অসাধারণ দক্ষতা ও এক জাদুকরী ছন্দের মূর্ছনা। প্রত্যন্ত অঞ্চলের একজন শিল্পী হিসেবে তার এমন অর্জন সত্যিই প্রশংসনীয়। দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে তবলা প্রশিক্ষক হিসেবে যোগদান করায় তারা আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে নিমাই চন্দ্রের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।