গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের দাবি, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে তাঁরা মহাসড়কে অবস্থান নিলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। প্রায় আধা ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, শ্রমিকেরা হঠাৎ মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের শান্ত করার চেষ্টা করে। তবে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় জানমালের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সূত্র ইত্তেফাক