বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে আমিজা খাতুন (৪৬) নামে এক প্রতিবন্ধী নারীকে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় তার নাক ও কান থেকে স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমিজা খাতুন ওই গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিজা খাতুন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার কোনো সন্তান ছিল না। প্রায় আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশে এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান পরিচালনা করতেন।
স্থানীয়দের ধারণা, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার টিনের ঘরের পশ্চিম পাশের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও তিনি দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ পান তারা। ঘরের বেড়া কাটা দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিছানার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল।
খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমিজার নাক ও কান থেকে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তার মুখে বালিশ ও কাঁথা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, নিহতের গলায় কালো দাগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।