উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ ফারুক আলী আকন্দ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাশিয়াগাড়ি চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ফারুক আলী আকন্দ উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর আকন্দপাড়া গ্রামের মোকছেদ আলী আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বুধবার সকালে চৌমহনী বাজারে মাদক বিক্রির সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে নয়টি ইয়াবা বড়ি ও দুই পুরিয়া গাঁজা পাওয়া গেছে বলে দাবি করেন তারা। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, স্থানীয় লোকজনের হাতে আটক হওয়ার পর ফারুককে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফারুক আলী আকন্দকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।