টেকনাফে দুই দিনের ব্যবধানে ৪ সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথমে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি শিশুর জন্ম হলেও দুই দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন শিশুর।
বুধবার (২৫ নভেম্বর) উখিয়ার পানবাজার বালুখালীতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওই নারীর নাম জেসমিন বিবি (২৬)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের সি-৬-এর এ-১ ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী। এটি ছিল তার তৃতীয় সন্তান প্রসবের ঘটনা।
চিকিৎসকদের আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তার গর্ভে চারটি শিশুর অস্তিত্ব ধরা পড়ে। গত ১৩ নভেম্বর রাতে তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি হন। পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম শিশুর জন্ম হয়।
পরবর্তী সময়ে গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের উপযোগী না হওয়ায় এবং জটিলতার আশঙ্কায় ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এতে আরও তিন শিশুর জন্ম হয়।
জন্ম নেওয়া চার শিশুর মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার জানান, প্রসবটি ছিল জটিল ও ঝুঁকিপূর্ণ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে প্রসব সম্পন্ন করা হয়েছে।